মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
🔸প্রতিদিনই ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে
▫️বুধবার পর্যন্ত আক্রান্ত ২৪৮০ জন
প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধিতে
মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গতকাল বুধবার পর্যন্ত ৮ মাস ২৩ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২৫০০ ছুঁই ছুঁই করছে। গতকাল পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪৮০ জন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১৯৯১ জন। আর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। একজন শিক্ষক ও একজন আইনজীবী।
সিভিল সার্জন কার্যালয়ের ডে ওয়ারী রিপোর্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। আগষ্ট মাসে জেলার ৬টি উপজেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮১২ জন। আর সেপ্টেম্বর মাসে ২৩ দিনে আগষ্ট মাসের চেয়ে তিন গুন বৃদ্ধি পেয়ে ২৪৮০ জনে দাড়িয়েছে। ২৫০০ ঘরে ছুঁই ছুঁই করছে এখন ডেঙ্গু পরিস্থিতি।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরও ২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৭৮ জন। আর ছাড়পত্র নিয়েছে ২৩ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা। এই পরিস্থিতিতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই। ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ৬ষ্ঠ তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলার বারান্দাতে মহিলা-শিশু ও পুরুষ ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাই সর্বাধিক। এছাড়া একাধিক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছে। একই পরিস্থিতি জেলার অপর ৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। সেখানেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশী। এখনও তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা।
জেনারেল হাসপাতাল সুত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯১ জনে। প্রতিদিনই নতুন রোগীর সংখ্যা বাড়তে থাকায় মুন্সীগঞ্জ জেলার ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পরিসংখ্যান বলছে, জুন মাস থেকেই মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়তে শুরু করে। গত বছর ১২ মাসে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪১০ জন। আর চলতি বছরে ৮ মাস ২৩ দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৮০ জন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন ২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর রোগীর চাপ বাড়তে থাকায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গুরুতর রোগীদের ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার করা হচ্ছে।
মুন্সীগঞ্জে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে। তবে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে। জুলাই ও আগষ্ট মাসের ন্যায় চলতি সেপ্টেম্বর মাসেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে রোগী সংখ্যা।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম বলেন, এই পরিস্থিতিতে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।