মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারি জমি ও খাল দখলমুক্ত রাখা, অবৈধ নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
সভায় সরকারি জমি ও খাল দখলমুক্ত রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মা-ইলিশ সংরক্ষণ এবং নৌপথে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ, আসন্ন নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন ছাড়া মেলা, ওয়াজ মাহফিল ও সভা সমাবেশ আয়োজন না করা এবং গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, ইসহাক আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।