শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● তাহসিফ হত্যা মামলা: দীপের ৪ দিনের রিমান্ড ● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে শিশুকন্যাকে হত্যার পর বাবার মৃত্যু, আটক এক

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৮:৩২ এ এম
সিরাজদীখানে শিশুকন্যাকে হত্যার পর বাবার মৃত্যু, আটক এক


মুন্সীগঞ্জের সিরাজদীখানে পাঁচ বছরের শিশুকন্যা তোয়াবা আক্তারকে হত্যার এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহরাব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা-মেয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে গুরুতর আহত গোলাপ হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের স্বদেশ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার পাশের পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গোলাপ হোসেনের বাড়ি লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে। গত বুধবার বিকেলে রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটায় কর্মরত তাঁর বাবা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করেন গোলাপ। পরে পাঁচ বছরের মেয়ে তোয়াবাকে নিয়ে সেখান থেকে শ্বশুরবাড়ি খাসকান্দির উদ্দেশে রাত ৮টার দিকে রওনা হন তিনি। পথে রামকৃষ্ণদী বাজারে মেয়েকে নিয়ে চা পান করেন গোলাপ। এরপর পাথরঘাটা এলাকায় পৌঁছালে কয়েকজন মুখোশধারী ব্যক্তি তাঁদের পথরোধ করেন। এ সময় গোলাপকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তাঁর কাছ থেকে শিশুটিকে ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে গোলাপ সেখান থেকে পালিয়ে বাবার বাড়িতে পৌঁছান। পরে রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাঁর বাবা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। শিশুটিকে হত্যার পর ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
গোলাপের পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশী সোহরাব হোসেনের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁরা মনে করছেন। শিশুটির নানি তাসলিমা বলেন, প্রতিবেশী সোহরাবের সঙ্গে তাঁর ছেলের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধের জেরেই ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। গোলাপের মা হাসু বেগম বলেন, সোহরাবদের সঙ্গে তাঁর ছেলের জায়গাজমি নিয়ে আদালতে মামলা চলছে। সোহরাবকে জিজ্ঞাসাবাদ করলে এ ঘটনা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যেতে পারে।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটায় শিশুর মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দল ঘটনাস্থলে যায়। পরে শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে জানা যায়, শিশুটি গোলাপ হোসেনের মেয়ে। পরে গোলাপের অবস্থান জানতে গিয়ে পুলিশ জানতে পারে, তিনি আব্দুল্লাহপুরের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের একটি দল সেখানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গোলাপ পুলিশকে জানান, বুধবার এশার নামাজের সময়ের দিকে মেয়েকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি খাসকান্দির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথে রামকৃষ্ণদী বাজারে মেয়েকে নিয়ে চা পান করেন। পরে পাথরঘাটা এলাকায় পৌঁছালে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন মুখোশধারী তাঁদের পথরোধ করে মারধর করেন এবং তাঁর মেয়েকে ছিনিয়ে নেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে বাবার বাড়িতে পৌঁছান।
তিনি আরও বলেন, গোলাপের বাবা তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মারধর ও জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ উল্লেখ করে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের নথিতে বিষক্রিয়া ও শরীরে আঘাতের বিষয়টি উল্লেখ ছিল বলে পুলিশ জানতে পেরেছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাঁর পেটের আঘাতের চিকিৎসা করা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে বলা হলেও ভোরের দিকে তিনি সেখান থেকে চলে এসে আব্দুল্লাহপুরের স্বদেশ হাসপাতালে ভর্তি হন।
কামরান হোসেন বলেন, স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ পুলিশকে জানান, সোহরাব নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন মুখোশধারী তাঁর ও তাঁর মেয়ের ওপর হামলা চালান। তাঁর বক্তব্যের ভিত্তিতে সোহরাবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় তিনি কোথায় ছিলেন এবং অন্য কারও সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে সোহরাবের জমিসংক্রান্ত মামলা-মোকদ্দমা চলছে। এ বিরোধের জেরে উভয় পক্ষের কয়েকজনের কারাভোগের তথ্যও পাওয়া গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে স্বদেশ হাসপাতালে গোলাপের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হবে। অন্যদিকে, তোয়াবার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। কে বাদী হবেন, তা নিয়ে পরিবারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে সিরাজদীখান থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)