আগামী ৩১ অক্টোবর গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে ‘ইসলামী সমাজ’ এর উদ্যোগে আয়োজিত ‘কল্যাণ ও মুক্তি সমাবেশ’ সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় গণসংযোগ, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পিকআপে করে প্ল্যাকার্ড, ফেস্টুন ও মাইক নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে প্রচার মিছিল করেন তাঁরা। এ সময় সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্লোগানের মাধ্যমে আগামী শনিবারের সমাবেশে যোগ দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা।
সংগঠন সূত্রে জানা যায়, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর’ এই মূলনীতির ভিত্তিতে এবং পবিত্র আল-কোরআনের আইন-বিধান প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্য নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।সমাবেশকে সফল ও সার্থক করে তুলতে ইসলামী সমাজের গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে এ প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।