মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি
মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান
▫️মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে- জেলা প্রশাসক
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন । এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। বুধবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত আহবান জানিয়েছেন।
মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মানবিকতা, সহমর্মিতা, পরোপকার ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুণাবলি অর্জনের পাশাপাশি পড়াশোনার সঙ্গে সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।