সামাজিক অবক্ষয় রোধ, মাদক প্রতিরোধ ও শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা পারের মেলা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় উলামায়ে কেরাম।
এ দাবিতে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আহ্বায়কের দায়িত্ব পালন করেন মুফতি ফয়জুল্লাহ। এতে সভাপতিত্ব করেন মাওলানা হাসান ফারুক এবং সঞ্চালনা করেন মুফতি মইন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমীসহ বিভিন্ন মসজিদের খতিব ও স্থানীয় উলামায়ে কেরাম।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধ, মাদকের বিস্তার প্রতিরোধ এবং যুব সমাজকে অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করা জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় মেঘনা পারের মেলা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সংবাদ সম্মেলন থেকে মেঘনা পারের মেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন উলামায়ে কেরাম।