মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের কলিকাতা-ভোগদিয়া বাজারে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কলিকাতা-ভোগদিয়া গ্রামীণ বাজার কাঠামো ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম। তিনি বলেন, আজকের মতো মাদকবিরোধী উদ্যোগ প্রতিটি গ্রামে গ্রহণ করা উচিত ছিল। শুরু থেকেই যদি সবাই মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেন, তাহলে মাদক নির্মূল করা অনেকটাই সহজ হতো। তিনি আরও বলেন, কিছুদিন আগে মাদকাসক্ত এক মেয়ের হাতে তার নিজের বাবা হত্যার শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এভাবে মাদকের বিস্তার অব্যাহত থাকলে ভবিষ্যতে পরিবারে পরিবারে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তাই এখনই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
স্থানীয় মসজিদের ইমাম জোবায়ের হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হতে হবে। সামাজিকভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে মাদকসেবী ও মাদক বিক্রেতারা নিরুৎসাহিত হবে। মাদকের বিরুদ্ধে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
এলাকাবাসীর পক্ষে বোরহান শেখ বলেন, এলাকার সবাই একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারলে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব। এ জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বেজগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক মিয়া। তিনি বলেন, এলাকায় কারা মাদক সেবন ও বিক্রি করেন, তা অনেকেরই জানা। কিন্তু বিভিন্ন কারণে কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। মাঝেমধ্যে মাদকসহ কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে যান, পরে জামিনে বা অন্য কোনো প্রক্রিয়ায় বেরিয়ে আসেন। তবে এবার এলাকাবাসী মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। মাদক ব্যবসা ও সেবনের মাধ্যমে নিজেদের পাশাপাশি এলাকার যুবসমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড এলাকাবাসী আর মেনে নেবে না।
মানববন্ধনটি সঞ্চালনা করেন মুজাহিদ মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর ভূমিকা, নিয়মিত অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।