মুন্সীগঞ্জ প্রতিনিধি:
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, তা তদন্ত কমিটি গঠন করে দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর ডাকবাংলোর সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ আবদুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
মীর সরফত আলী সপু বলেন, কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা সবার জন্য মর্মান্তিক ও দুঃখজনক। কিছুদিন আগে টঙ্গীতে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনা নাশকতা, নাকি সরকারকে চাপে রাখার কোনো ষড়যন্ত্র, তা এখনই বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, যারা গোপনে এবং দেশের বাইরে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা নিয়মিত বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, মুন্সীগঞ্জ জেলা তাঁতী দলের আহ্বায়ক আল হাদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।