আবু সাঈদ দেওয়ান সৌরভ :
সদর উপজেলার ১৫ টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত
মৎস্য সম্পদ সংরক্ষণ ও পোনা নিধন থেকে বিরত থাকার আহবান এমপির
মুন্সীগঞ্জ সদর উপজেলার ১৫টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে পোনা মাছ অবমুক্তির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
এ সময় পোনা মাছ অবমুক্তি কার্যক্রমে উপস্থিত জনসাধারণকে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পোনা নিধন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। তিনি বলেন, মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ। এ সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ৩০৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা রুই, কাতল, মৃগেল, কালিবাউশ ও ঘনিয়া প্রজাতির এসব পোনা অবমুক্ত করা হয়। ১৫টি জলাশয়ের মধ্যে একটি উন্মুক্ত জলাশয় এবং ১৪টি প্রাতিষ্ঠানিক জলাশয় রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান এবং সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে পোনা মাছ অবমুক্তির মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে মৎস্য অধিদপ্তর বদ্ধপরিকর। এ লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ঢাকা বিভাগের মৎস্য সম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমের দায়িত্বশীল কর্মকর্তা মো. আহসান হাসিব খান আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে পোনা মাছ অবমুক্তির এ কার্যক্রম পরিচালিত হয়।