নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাফছা নাদিয়া। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, ইউনিয়ন পরিষদের সচিব মো. বাতেন মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আলম মোল্লা, সদস্য সচিব রিয়াজ হোসাইন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়, গজারিয়া উনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৬-২০২৭ অর্থবছরের বরাদ্দ থেকে ১ লাখ ২৮ হাজার ৯০০ টাকা ব্যয়ে ১২ জন দুঃস্থ ও অসচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া একই তহবিলের আওতায় ২১ হাজার ৬০০ টাকা ব্যয়ে ৭৯ নম্বর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২৭টি স্কুলব্যাগ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।