সিরাজদীখান প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।