নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাষানচর-মিজিকান্দি গ্রামে জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া জমি দাবি করে উভয় পক্ষই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা করেছে। পাশাপাশি জমিতে চাষাবাদে বাধা, মারধর, ফসলের বীজ ও চারা নষ্ট এবং প্রাণনাশের হুমকির পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
আদালত সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমি নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় দুই পক্ষ পৃথক পিটিশন মামলা করেছে। এর মধ্যে এক পক্ষের করা মামলায় আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। অন্য পক্ষের মামলাতেও পৃথক নোটিশ জারি করে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভাষানচর-মিজিকান্দি গ্রামের আব্দুল হাকিম বাগ (৭৪) বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩২৮) করেন। এতে একই এলাকার বাচ্চু বাগ, হেলাল দেওয়ান, ডলি বেগম ও সৈকত দেওয়ানকে বিবাদী করা হয়েছে।
জিডিতে আব্দুল হাকিম বাগ অভিযোগ করেন, পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া জমি নিয়ে বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে আলু চাষ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেন এবং জমিতে থাকা আলুর বীজ ও চারা নষ্ট করে ফেলেন। প্রতিবাদ করায় তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এ ছাড়া তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বসতবাড়ি থেকে উচ্ছেদ, মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নথি অনুযায়ী, বাচ্চু বাগও বিরোধপূর্ণ জমি নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি পৃথক পিটিশন মামলা করেছেন। ৭০৪/২০২৫ নম্বরের ওই মামলায় আব্দুল হাকিম বাগসহ অপর পক্ষের কয়েকজনকে বিবাদী করা হয়েছে। এ মামলায়ও আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ জারির বিষয়টি নথিতে রয়েছে।
এ ছাড়া আব্দুল হাকিম বাগের করা ৬৩৭/২০২৫ নম্বর পিটিশন মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে ১৪৫ ধারায় পৃথক নোটিশ জারি করা হয়েছে। নোটিশে ভাষানচর মৌজার আরএস ৬১৬ খতিয়ানের ২৬৮৬ ও ২৬৯৫ নম্বর দাগের মোট ৩৪ শতাংশ নাল জমি নিয়ে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ দাবির পক্ষে প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ রয়েছে।
আব্দুল হাকিম বাগ বলেন, ‘বাপ-দাদার আমল থেকেই আমরা এ জমি ভোগদখল করে আসছি। কিন্তু বাচ্চু বাগ, হেলাল ও সৈকতরা আমাদের জমিতে এসে বাড়াবাড়ি ও মারামারি করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
তাঁর ছেলে জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দাদা জমি কিনে দিয়েছেন, বাবা চাষ করেছেন, আমরাও চাষ করছি। কিন্তু প্রতিপক্ষ আদালতের নোটিশ ও পুলিশের উপস্থিতিও মানছে না। গত ৩ নভেম্বর জমিতে গেলে কয়েকজন নারী কাঁচি নিয়ে এসে হুমকি দেন। এ সময় বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। বাজারে গেলেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো সংঘাত চাই না। বৈধ কাগজপত্র যাচাই করে জমির বিরোধের স্থায়ী সমাধান চাই।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাচ্চু বাগ। তিনি বলেন, সংশ্লিষ্ট দাগে মোট ২৮৯ শতাংশ জমির মধ্যে এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী তাঁর মালিকানা ৯৬ শতাংশ। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। তিনি দাবি করেন, গত তিন বছর ধরে তিনি ওই জমিতে চাষাবাদ করছেন। পরে স্থানীয় মাতব্বরদের নিয়ে সামাজিক সালিসে তাঁকে ৯৬ শতাংশের মধ্যে ২৪ শতাংশ জমি ছেড়ে দিতে বলা হলে তিনি তা মেনে নেন। বর্তমানে ৭২ শতাংশ জমিতে সীমানা পিলার বসিয়ে চাষাবাদ করছেন।
বাচ্চু বাগ আরও বলেন, ‘সকালে জমিতে কাজ করতে গেলে বাদীপক্ষের লোকজন সপরিবারে দলবল নিয়ে এসে বাধা ও দরবার শুরু করেন। অপ্রীতিকর পরিস্থিতি ও মারামারির আশঙ্কায় আমি জমি ছেড়ে আদালতের উদ্দেশ্যে মুন্সীগঞ্জে চলে যাই। মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’