তাজুল ইসলাম রাকিব
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি নীল রঙের পিকআপসহ মোঃ রফিক শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কনকসার ইউনিয়নের কনকসার বাজার এলাকায় মনির শেখের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার দিকনির্দেশনায় লৌহজং থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাজীব সরকার। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন রফিক শেখকে আটক করা হয়।
গ্রেফতার রফিক শেখ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের জজবাড়ী এলাকার মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে একটি নীল রঙের ছোট পিকআপ, ১৮ ইঞ্চি লম্বা একটি লোহা কাটার যন্ত্র, ৮ ইঞ্চি লম্বা একটি স্টিলের সেলাই রেঞ্জ, দুটি লোহার হাতুড়ি এবং ২৬ ইঞ্চি লম্বা একটি লোহার চেইন কাটার উদ্ধার করা হয়েছে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, পুলিশের এমন বিশেষ অভিযানকে অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।