শাহ আমানত মন:
মুন্সীগঞ্জে ভূমি কর্মকর্তাদের সাধারণ সভা ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অবসরজনিত কারণে ছয়জন ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত কর্মকর্তারা হলেন মো. নাসির উদ্দিন, মো. নজরুল ইসলাম, বাবু প্রশান্ত কুমার দত্ত, আমিনুল ইসলাম, ইব্রাহিম মিয়া ও আ. কাদের।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি তাঁদের অবসরজীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মুন্সীগঞ্জের সভাপতি মো. বুলবুল হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম গিয়াসউদ্দিন।
এ সময় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।