সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● পোশাকশিল্পে দেশীয় দক্ষ জনবলের ঘাটতি, বাড়ছে বিদেশি নির্ভরতা ● স্বাস্থ্য খাতে গবেষণা ও শিল্পের মধ্যে অংশীদারি চান জুবাইদা রহমান ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● ছাত্রলীগের কর্মসূচিতে ঘিরে ধলেশ্বরী নদী থেকে ৩৭ জনকে আটক ● গজারিয়ায় সরু সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ. ● টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● শ্রীনগরে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাকে চলছে বালু ভরাটের কাজ ● ১৫ বছর ধরে চোখের আলো ছড়াচ্ছে পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ● সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৫ বছর ধরে চোখের আলো ছড়াচ্ছে পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:৫২ এ এম
১৫ বছর ধরে চোখের আলো ছড়াচ্ছে পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা

বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। চোখেও দেখা দিয়েছে ছানির সমস্যা, সঙ্গে অনবরত পানি পড়ে। এই বয়সে চোখের চিকিৎসা করানোও কম ঝক্কির নয়। তবে বিনামূল্যে চিকিৎসার সুযোগ থাকায় ৮৫ বছর বয়সী নূর জামান ভূঁইয়া এসেছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা ডি.সি উচ্চ বিদ্যালয় মাঠে। তাঁর কাছে এই উদ্যোগ কেবল চিকিৎসাসেবা নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত।

চর কেওয়ার গুহেরকান্দি এলাকা থেকে আসা নূর জামান ভূঁইয়া জানান, গত বছর তাঁর ৭০ বছর বয়সী চাচাতো বোন জবেদা এখান থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চাঁদপুরের একটি হাসপাতালে তাঁর চোখের অপারেশন করানো হয়। শুধু অপারেশনই নয়, আয়োজকদের ব্যবস্থাপনায় গাড়িতে করে তাঁকে বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার নিজেও চিকিৎসা নিতে এসেছেন তিনি।

নূর জামান ভূঁইয়া বলেন, ‘আমার চোখে ছানি পড়েছে, চোখ দিয়ে পানি পড়ে। গত বছর আমার চাচাতো বোন এখান থেকে চিকিৎসা নিয়ে অনেক উপকার পেয়েছেন। তাই আমিও এসেছি। আশা করছি, ভালো চিকিৎসা পাব।’

নূর জামান ভূঁইয়ার মতো এমন অনেক মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের এই চক্ষু চিকিৎসা শিবির। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে এবং বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির (বিপিএস) সার্বিক সহযোগিতায় ১৫ বছর ধরে নিয়মিত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হওয়া দিনব্যাপী এ চিকিৎসা শিবিরে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, অপারেশনসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৯০ জন রোগী এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসেবা পান। বিকেল পর্যন্ত চলে চিকিৎসা কার্যক্রম।

চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি আব্দুল আজিজ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খাইরুল কবির (কাজল মোল্লা)। সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির (বিপিএস) খাদেমুল ইসলাম বিদ্যুত প্রাক্তন ছাত্র সংসদের সদস্য আব্দুল মান্নান খান, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কামরুল হাসান ও আবুল কালাম সোহেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক কেবল স্মৃতির বন্ধনে সীমাবদ্ধ নয়; এলাকার মানুষের কল্যাণেও তাঁদের দায়িত্ব রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই বিদ্যালয় ও আশপাশের মানুষের জন্য ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে।

এরই মধ্যে নিজেদের অর্থায়নে বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের একটি প্রকল্প হাতে নিয়েছে প্রাক্তন ছাত্র সংসদ।

১৫ বছরের এই ধারাবাহিক উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের কাছে বিদ্যালয় শুধু শৈশব-কৈশোরের স্মৃতির জায়গা নয়, হয়ে উঠেছে মানুষের পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। আর নূর জামান ভূঁইয়ার মতো মানুষের কাছে এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি—অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়ে নতুন করে চোখের আলো ফিরে পাওয়ার প্রত্যাশা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)