এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাক ব্যবহার করে অবাধে বালু ভরাটের কাজ চলছে।
গত কয়েক দিন ধরে উপজেলার ফেরিঘাট আন্ডারপাস সংলগ্ন পূর্ব পাশে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রভাবশালী একটি মহল এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলায় প্রশাসনের নজরদারি এড়াতে চক্রটি গভীর রাতকে বেছে নিয়েছে। রাত হলেই ভারী ড্রাম ট্রাক দিয়ে ওই এলাকায় দেদারসে বালু ফেলা হচ্ছে। এতে করে আন্ডারপাস সংলগ্ন সড়কের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি রাতের বেলায় ভারী যানবাহনের শব্দে ও ধুলাবালিতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ফেরিঘাট আন্ডারপাসের ঠিক পূর্ব পাশের বিশাল একটি অংশ জুড়ে নতুন করে বালু ফেলে ভরাট করা হয়েছে। অবৈধভাবে মাটি ও বালু পরিবহনের কারণে গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলো ঝুঁকির মুখে পড়ছে।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধ ড্রাম ট্রাক চলাচল বন্ধ এবং অনুমোদনহীনভাবে বালু ভরাটের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।