সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার ও প্রায় ১ হাজার ৫০০ মিটার পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।
অভিযানে অবৈধভাবে কৃষিজমি থেকে বালু উত্তোলনের স্থানে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে বালু উত্তোলন ও ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ মিটার পাইপ এবং দুটি ড্রেজার সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি ওই গ্রামে বালু উত্তোলন কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমির মাটি ও পরিবেশের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।