মো. মানিক মিয়া
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। (১৪ নভেম্বর) শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যতে আরও ভালো ফলাফলে উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৭ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮ জনসহ মোট ৭৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বাদল হোসেন হাওলাদারের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে নগদ অর্থ উপহার দেওয়া হয়।
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, সরকারি লৌহজং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক ও উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন খান।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ইলিন জাহান, মারিয়া ইসলাম অথৈ, জান্নাতুল মম ও আয়শা আহমেদ। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও পড়াশোনায় মনোযোগী থেকে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন