টঙ্গীবাড়ি প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় টঙ্গিবাড়ী বাজার সুপার মার্কেটে সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের নেতৃত্বে
মিছিলটি টঙ্গিবাড়ী বাজার সুপার মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সুপার মার্কেটে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।