জুয়েল দেওয়ান, গজারিয়া.
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ব্যবহৃত প্রথম জিপ গাড়ির সন্ধান মিলেছে দীর্ঘদিন পরিত্যক্ত একটি ভবন ভাঙতে গিয়ে। মিৎসুবিশি ব্র্যান্ডের পুরোনো এই জিপ গাড়িটি উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে ইট দিয়ে গোলাকার বেদি তৈরি করে তার ওপর রাখা হয়েছে নীল রঙের পুরোনো জিপ গাড়িটি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় গাড়িটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে। নষ্ট হয়ে গেছে সামনের হেডলাইটসহ যন্ত্রাংশ। গাড়িটির মূল কাঠামো ছাড়া অধিকাংশ অংশই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভেতরে জমে আছে ময়লা-আবর্জনা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. কলিমউল্লাহর সময়ে মন্ত্রণালয় থেকে গাড়িটি বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময়ে উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় গাড়িটি ব্যবহার করত। একপর্যায়ে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি অচল হয়ে পড়ে। পরে উপজেলা পরিষদ চত্বরের একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের ভেতরে সেটি রাখা হয়। দীর্ঘদিন এভাবেই লোকচক্ষুর আড়ালে পড়ে ছিল গাড়িটি। সম্প্রতি ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হলে শ্রমিকেরা ভেতর থেকে নীল রঙের পুরোনো জিপ গাড়িটি উদ্ধার করেন। পরে গাড়িটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর জন্য রাখার উদ্যোগ নেয় প্রশাসন।
স্থানীয় সচেতন মহল ও ইতিহাসপ্রেমীরা জানান, পুরোনো এই জিপ গাড়িটি গজারিয়ার প্রশাসনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। একসময় যে গাড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন কাজে ব্যবহৃত হতো, সেটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ভবন ভাঙতে গিয়ে হঠাৎ গাড়িটির সন্ধান পাওয়া বেশ চমকপ্রদ ঘটনা। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা করা হলে এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপজেলার অতীত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে ভূমিকা রাখবে।
তাঁরা আরও বলেন, গাড়িটির পাশে একটি পরিচিতিমূলক ফলক স্থাপন করা প্রয়োজন। সেখানে গাড়িটির নির্মাণকাল, বরাদ্দ পাওয়ার সময় এবং উপজেলা প্রশাসনে ব্যবহারের ইতিহাস তুলে ধরা হলে দর্শনার্থীরা সহজেই এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন।