মো. মানিক মিয়া
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক মো. আতাউর রহমান শেখ আর নেই। রোববার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার কুমারভোগ ইউনিয়নের বড় প্রজেক্ট এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
রোববার বাদ জোহর মাওয়া চৌরাস্তা মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার ও ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ ভূইয়া, পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আক্তার হোসেন।
মরহুম আতাউর রহমান শেখের পিতার নাম মনসুর আলী শেখ এবং মাতার নাম জরিনা বেগম। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
১৯৫১ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন আতাউর রহমান শেখ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। দীর্ঘ ও গৌরবময় সামরিক জীবন শেষে ১৯৯৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিজীবনে সততা, দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও মানবিক গুণাবলির জন্য তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।