মো. মানিক মিয়া
মুন্সিগঞ্জের লৌহজংয়ে সরকারি খালপাড়ের মাটি অবৈধভাবে কাটার দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মাদকদ্রব্য সেবনের অপরাধে আরও তিনজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার কনকসার ইউনিয়নের সাতঘড়িয়া মৌজায় সরকারি খালপাড়ের মাটি অবৈধভাবে কাটার দায়ে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে এবং লৌহজং থানা পুলিশের সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি খালপাড়ের মাটি কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি অবৈধ মাটি কাটার বিষয়ে স্থানীয় জনসাধারণকে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।