নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
জাতীয় বেতন স্কেলের পে ফিক্সেশন ও সার্ভিস বুক হালনাগাদকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
জনপ্রতি ৪০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় এবং টাকা দেওয়ার পরও ফাইল আটকে রাখার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী পে ফিক্সেশন ও সার্ভিস বুক হালনাগাদ করার কথা থাকলেও এ কাজ সম্পন্ন করতে কর্মচারীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। কেউ কেউ হয়রানি এড়াতে বাধ্য হয়ে টাকা দিচ্ছেন। আবার অতিরিক্ত অর্থ না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রাখার প্রকাশ্যে অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না অনেকে।
ভুক্তভোগী কয়েকজন কর্মচারী জানান, পে ফিক্সেশনের মতো নিয়মিত সরকারি সেবা নিতে তাঁদের জনপ্রতি এক হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, পে ফিক্সেশন ও সার্ভিস বুক হালনাগাদের জন্য ৮৭টি বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ৩৫০-৪০০ টাকা করে নেওয়া হয়েছে। সরকারি দাপ্তরিক কাজ সম্পন্ন করতে শিক্ষকদের কেন অতিরিক্ত অর্থ দিতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, পে ফিক্সেশন ও সার্ভিস বুক হালনাগাদ সরকারি দাপ্তরিক কাজের অংশ। এ কার্যক্রমের জন্য নির্দিষ্ট পরিমানে কোনো সরকারি ফি নির্ধারিত থাকলে তার লিখিত নির্দেশনা ও অর্থ পরিশোধের রসিদ থাকতে হবে। নিয়মের বাইরে অর্থ আদায় করা হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মনসুর আহমেদ টিপু বলেন, কম্পিউটারের কাজ ও তথ্য হালনাগাদের কাজে নিয়োজিত শিক্ষকদের যাতায়াত খরচ, খাওয়া-দাওয়া এবং সম্মানী দেওয়ার জন্য এ টাকা সংগ্রহ করা হয়েছে। শিক্ষা অফিসে প্রয়োজনীয় জনবল নেই। সেখানে মাত্র একজন কর্মচারী দিয়ে এত বড় কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এ কারণে শিক্ষকদের দিয়েই কাজটি করাতে হচ্ছে।
গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, শিক্ষকদের কাছ থেকে টাকা তোলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ধরনের কোনো নির্দেশ দেওয়ার প্রশ্নই আসে না।
এদিকে, টাকা দেওয়ার পরও দীর্ঘদিন ধরে ফাইল আটকে রাখার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন এক ভুক্তভোগী। সম্প্রতি তিনি উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে গিয়ে এ নিয়ে অসন্তোষ জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভুক্তভোগী বলেন, তাঁদের অফিসের কর্মচারীদের পে ফিক্সেশন ও সার্ভিস বুক হালনাগাদের জন্য চলতি মাসের ৫ তারিখে তাঁর মাধ্যমে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু সাত দিন পার হলেও ফাইলটি কর্মকর্তার টেবিলে পড়ে রয়েছে।
তিনি আরও বলেন, 'বিনা কারণে ফাইল আটকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়মিত অফিসেও আসেন না। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর দেখা পাওয়া যায়নি। আমরা সরকারি চাকরিজীবী, এই উপজেলাতেই দাপ্তরিক দায়িত্ব পালন করি। হিসাব রক্ষণ কার্যালয়ের অফিসের সার্বিক কাজেও সহযোগিতা করার পরও যদি এমন হয়রানির শিকার হতে হয়, তাহলে তা মেনে নেওয়া যায় না।
সরকারী নিয়মিত দাপ্তরিক কাজে অর্থ আদায়ের অভিযোগের অভিযোগ অস্বীকার করে গজারিয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আজম জানান, উপজেলার অধিকাংশ সরকারী কর্মচারী ও কর্মকর্তা পে ফিক্সেশনের কাজ সঠিক নিয়মে সম্পন্ন করতে পারে না, তাই হিসাব রক্ষন কার্যালয়ের কর্মচারীদের দিয়ে তাদের কাজ করিয়ে নেন, এ জন্য হয়তো সামান্য কিছু খরচ নিয়ে থাকে। কাজ টি বাহিরের যে কোন কম্পিউটার দোকানে করালেও তো তাদের টাকা দিতে হতো।