তাজুল ইসলাম রাকিব
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যাশ লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিশেষ স্মরণসভা এবং দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সকাল ১১টায় বিশেষ আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। উপজেলা হাসপাতালে খাবার বিতরণ এবং বিশেষ দোয়া ও মোনাজাতেরও আয়োজন থাকবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদল শেখ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ওমর ফারুক অবাক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা।
সভায় দিবসটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মসূচিতে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ দিন।