নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দিবসটি সামনে রেখে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানোসহ নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চালানো হচ্ছে।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভবেরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার লাগিয়েছেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার।
এসময় তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। এ উপলক্ষে পোস্টার লাগানোসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী।