সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেকবর আলী সরকার উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে সিরাজদীখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তাঁর দুই পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।