মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সরকার কোচিং বানিজ্য বন্ধ করার জন্য প্রনয়ন করা নীতিমালাকে তোয়াক্কা না করে মুন্সীগঞ্জে চলছে শিক্ষকদের কোচিং বানিজ্য। বিভিন্ন স্কুলের শিক্ষকরা বাসা বাড়ীসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রকাশ্যে জমজমাট
কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, স্কুল ও কলেজের শিক্ষকরা স্ব স্ব প্রতিষ্ঠানে দায়সারা ভাবে পাঠদান করায় শিক্ষার্থীরা প্রাইভেট বা কোচিং সেন্টারে যেতে বাধ্য হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাঠদানে অমনোযোগী হয়ে ওঠায় শিক্ষা ব্যবস্থা দিন দিন ভেঙ্গে পড়েছে ।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মুন্সীগঞ্জ শহরশহ পুরো জেলার বিভিন্ন স্থানে বাসায়, ফ্লাট ভাড়া নিয়ে প্রাইভেট নিউশনি ও কোচিং সেন্টারের ব্যবসা চালিয়ে যাচ্ছে। একেকটি বিষয়ের উপর শিক্ষার্থীদের পড়ানো হয়ে থাকে। এসব প্রাইভেট কোচিং সেন্টার বা শিক্ষকের বাসায় প্রতি বিষয়ে এক হাজার থেকে এক হাজার টাকা মাসিক বেতন নিচ্ছে। বেশীর ভাগ শিক্ষার্থীরাই একটি বিষয়ের জন্য এক হাজার টাকা মাসিক বেতনে প্রাইভেট পড়ছে। একই শিক্ষার্থী যদি ৩টি বিষয়ের উপর ৩ জন শিক্ষকের কাছে প্রাইভেট পড়েন তাহলে ওই শিক্ষার্থীর অভিভাবককে কোচিং বাবদ মাসে ৩ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। আর দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা অর্থের অভাবে কোচিংয়ে পাঠদান করতে না পারায় এবং বিদ্যালয়ে সঠিক পাঠদান না হওয়ায় পরীক্ষার সময় তারা খারাপ রেজাল্ট করছে।
জানা গেছে, সরকারি নীতিমালায় শাস্তিযোগ্য আইন বেধে দিয়ে উল্লেখ করা হয়েছে, সরকারী বেসরকারী কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক একই স্কুলের শিক্ষার্থীকে বা কোন শিক্ষক প্রাইভেট নিউশনি বা কোচিং বাণিজ্য জড়িত থাকতে পারবে না। তবে শিক্ষকদের অতিরিক্ত রোজগারের জন্য স্কুল চলাকালিন সময়ে আগে বা পরে পাঠদান হ্রাস প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক কর্তৃক আবেদন ক্রমে উপজেলা ভিত্তিক স্কুল প্রতিষ্ঠানে প্রতি বিষয়ে ২০০ টাকা মাসিক বেতন হারে কোচিং করাতে পারবে। এক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হতে হবে ৪০ জন। শিক্ষকরা আরো সুবিধা পাবার জন্য এক স্কুলের শিক্ষক অন্য যে কোন স্কুলের ১০ জন শিক্ষর্থীকে কোচিং করাতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নাম রোল নং সহ প্রয়োজনীয় তথ্যাদি প্রধান শিক্ষককে লিখিত ভাবে অবহিত করতে হবে। অথচ এসব নিয়মকে কর্ণপাত না করে মুন্সীগঞ্জ জেলা শহরশহ ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় চলছে শিক্ষকদের প্রাইভেট টিউশনি ও কোচিং বানিজ্য।
জানা গেছে, শহরের মধ্য কোর্টগাও, দেওভোগ, মাঠপাড়া, কলেজ পাড়া, খালইস্ট, মালপাড়া, জগধাত্রীপাড়া, জমিদার পাড়া, পাচঁঘড়িয়াকান্দি এলাকায় বাসা বাড়ি ও ফ্লাট বাসা ভাড়া নিয়ে বিভিন্ন নামে সাইনবোর্ড টাঙিয়ে কোচিং সেন্টার খুলে হাজার হাজার টাকা আয় করে নিচ্ছে শিক্ষকরা। আবার শিক্ষকদের বাসা ৮ থেকে ১০ জনের ব্যাচ তৈরী করে প্রাইভেট পড়ানো হচ্ছে। এখানেও শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠদান করায় না বলেও একাধিক অভিভাবক অভিযোগে জানিয়েছেন।
খোজঁ নিয়ে জানা গেছে, ৬ষ্ঠ শ্রেনী থকে অনার্স পড়ুয়া ছাত্র-ছাত্রীরা বর্তমানে কোচিং সেন্টার ও প্রাইভেট টিউশনির উপর নির্ভর হয়ে পড়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধমিক ছাত্রছাত্রীদের মধ্যে কোচিং প্রবনতা লক্ষণীয়। শহরের কোচিং সেন্টার গুলোতে ১০ থেকে ১৫ জনে ব্যাচ তৈরী করা পড়ানো হচ্ছে। প্রতিটি বিষয়ে ১০০০ টাকা মাসিক বেতন দিতে হয় শিক্ষকদের। এ অবস্থায় সরকার ঘোষিত নীতিমালা উপেক্ষা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রকাশ্যে কোচিং সেন্টার বানিজ্য ও বাসা বাড়িতে প্রাইভেট টিউশনি পড়ালেও সংশিষ্ট দফতরের কর্মকর্তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না তা অভিভাবক ও সচেতন মহলের প্রশ্ন হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার
মো. শরীফুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।