নিজস্ব প্রতিবেদক টঙ্গীবাড়ি:
‘শুভ, সুন্দর, কল্যাণকর কাজে স্বজন’ স্লোগান সামনে রেখে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন ‘স্বজন সমাবেশ’-এর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা শাখার ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফিচার লেখক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠক রাজীব পাল রনীকে সভাপতি এবং মো. মাসুম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাকক্ষে নতুন স্বজনদের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন দৈনিক যুগান্তরের টঙ্গীবাড়ি প্রতিনিধি আবু বাক্কার মাঝি (ইফতেখার)।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক পরিতোষ ঘোষ বাবু, প্রচার সম্পাদক স্কুলশিক্ষক মো. আসলাম হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্কুলশিক্ষক রুহুল আমিন, নারী বিষয়ক সম্পাদক কৃষিবিদ ও সহকারী অধ্যাপক প্রমিতা শিখা রায়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক আমেনা খাতুন, দপ্তর বিষয়ক সম্পাদক প্রভাষক দিলীপ দাস শান্ত, পাঠচক্র সম্পাদক আবৃত্তিশিল্পী জবা কর্মকার, পরিবেশবিষয়ক সম্পাদক শিক্ষক এস এম ফয়সাল, সাহিত্য সম্পাদক সরোজ ব্যানার্জী এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক শিক্ষক ইবরাহিম শেখ।
এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন আবু বাক্কার মাঝি (ইফতেখার) এবং শিক্ষক আবদুল গণি মিয়া।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, এবাদুল হাসান, সুমন চোকদার, সামসুদ্দিন তুহিন, শেখ সোহাগ, অনিক শেখ, কাদির খান, রূপন পাল, লালচাঁন দাস, রূপকথা রায় ও রুদ্রদীপ পাল।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি পরিচিতি পর্ব, আড্ডা ও চা-চক্র অনুষ্ঠিত হয়। এতে স্বজন সমাবেশের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি রাজীব পাল রনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, ‘সবকিছু সুন্দর ও কল্যাণকর, তার সঙ্গেই স্বজন। আমি কথা দিচ্ছি, আপনাদের পাশে থেকে, আপনাদের সঙ্গে নিয়ে স্বজন সমাবেশকে আরও শক্তিশালী ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলব।’
সাধারণ সম্পাদক মো. মাসুম হাসান বলেন, ‘দেশের প্রথম সারির এই পত্রিকার পাঠক সংগঠন স্বজন সমাবেশের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ ভালো লাগছে। চেষ্টা করব, আমাদের হাত ধরে স্বজনের ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিতে।’