কাজী সাব্বির আহমেদ দীপু
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে
এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা
🔸 সার্বিক তত্ত্বাবধানে রয়েছে তিন এমপি
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেআইনি বা নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা থেকে কুচিয়ামোড়া এলাকাস্থ ধলেশ্বরী সেতু-১ পর্যন্ত মুন্সীগঞ্জ সীমানার একাধিক পয়েন্টে সিরাজদীখান, শ্রীনগর ও লৌহজং উপজেলা বিএনপি নেতাকর্মীরা
সতর্ক অবস্থানে রয়েছে। একই ভাবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া সীমানার ভবেরচর এলাকায় সতর্ক অবস্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া টোল প্লাজা এলাকায় বিএনপির যুগ্ন মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের তত্ত্বাবধানে, গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নির্দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখানের নিমতলা এলাকায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর তত্ত্বাবধানে বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঢাকাসহ সারা দেশে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপসহ নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে এসব ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। অন্যদিকে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাও রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।
এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। আওয়ামী লীগের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করতে চায় না বিএনপি। নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো বেআইনি কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে বলে মনে করছেন বিএনপি নেতারা।
বিএনপি নেতাদের ভাষ্য, ঝটিকা মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে রাজপথে নিজেদের তৎপরতা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এ লক্ষ্যে তারা মাঠে সক্রিয়। বিএনপি নেতারা মনে করেন, মাঠ পর্যায়ে আলোচনায় থাকতেই শেখ হাসিনা ডিসেম্বেরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলেও মনে করা হচ্ছে ।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল। এজন্য তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক দলের পাল্টা প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন নেই। বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে বিএনপি সাংগঠনিকভাবে সতর্ক থাকবে। নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে।
সূত্রটি আরও জানায়, নিষিদ্ধ দল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের ‘লাঠিয়াল' হিসেবে ব্যবহার করে সাংগঠনিকভাবে পদক্ষেপ নিলে রাজনৈতিক সংঘাত আরও বেড়ে যাবে। এজন্য রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেবে বিএনপি। একইসঙ্গে পরিস্থিতি পর্যেবক্ষণ করবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজের কর্মসূচি চালাবে এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে কোনো পক্ষের কর্মকাণ্ডের জবাব দেয়ার পথে যেতে চায় না তারা।
এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড চালাচ্ছে, এসব ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড। বোমা বিস্ফোরণ, গাড়িতে আগুন দেওয়া-এসব রাজনৈতিক নয়, নাশকতামূলক কর্মকাণ্ড।
বিএনপির যুগ্ন মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ বলেছেন, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা এবং কোনো অপশক্তি যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে না পারে- সে লক্ষ্যে সতর্ক অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।
আব্দুস সালাম আজাদ এমপি বলেন, পদ্মা সেতু ও আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনা ঘটতে না পারে, সে লক্ষ্যে লৌহজং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।