এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
মুন্সিগঞ্জের শ্রীনগরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও কিন্ডারগার্টেন গুলোর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ওপেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন অফ বাংলাদেশ (ওকাব), শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩২টি কিন্ডারগার্টেন স্কুলের ৫৪৮ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা চলে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। কেন্দ্রগুলো হলো- শ্রীনগর সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল, কামারগাঁও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়
আল-হাসাড়া এহসান কিন্ডারগার্টেন।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওপেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন অফ বাংলাদেশ (ওকাব) শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আঃ লতিফ, সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদার এবং সহ-সভাপতি শফিকুর রহমান।
আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ভীতি দূর করা এবং মেধা যাচাইয়ের মাধ্যমে তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই প্রতি বছর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।