সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি বিভিন্ন প্রণোদনা ও সমাজকল্যাণমূলক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা সামগ্রীর মধ্যে মাদ্রাসার হিফজ বিভাগের হাফেজ শিক্ষার্থীদের জন্য ১০০টি পবিত্র কোরআন শরিফ, অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ১০টি সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে পাঁচটি হুইলচেয়ার দেওয়া হয়।
এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের প্রত্যেককে দুই বান করে মোট ১৮ বান ঢেউটিন এবং পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়া সামগ্রী ও ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ,সিরাজদীখান থানার ওসি মো আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এসব সহায়তা মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হতে ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। উপকারভোগীরা যাতে এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।