আবু সাঈদ দেওয়ান সৌরভ:
মুন্সীগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
র্যালি ও আলোচনা সভা, রক্তদানে ভ্রান্ত ধারণা দূর করার আহ্বান জেলা প্রশাসকের
‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম নূর হোসেন নির্ঝর, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহা. সালেহীন কবির, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনের সদস্য, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। সুস্থ ও উপযুক্ত ব্যক্তিরা চিকিৎসাবিজ্ঞানের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট বিরতি মেনে রক্তদান করতে পারেন। তাই রক্তদান নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে হবে।
মরণোত্তর চক্ষুদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মৃত্যুর পর চক্ষুদানের মাধ্যমে অন্য একজন দৃষ্টিহীন মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পেতে পারেন। তাই রক্তদান ও মরণোত্তর চক্ষুদান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। এসব মানবিক উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
জেলা প্রশাসক আরও বলেন, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের মতো মহৎ উদ্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করতেই সরকার এ দিবস পালন করছে। দিবসটি উপলক্ষ্যে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।