মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ের আলোচিত গোয়ালীমান্দ্রা বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ মো. রনি (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ২টা ১৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা বাজারের জয় মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামের সামসুল শেখের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোহাম্মদ খায়রুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রনিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।