নিজস্ব প্রতিবেদক, টঙ্গীবাড়ি
ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাটকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
▫️ পাইপলাইন অপসারণ ও বিনষ্ট
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে শ্রেণি পরিবর্তন না করেই অবৈধ ড্রেজার দিয়ে বালু দিয়ে ভরাট করা হচ্ছে কৃষি জমি। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেতকা ইউনিয়নের ন্যাশনাল কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকা, কান্দাপাড়া গ্রামের কুন্ডেরবাজার সেতুর দক্ষিণ পাশে ধলেশ্বরী নদী এবং রান্ধুনীবাড়ি এলাকায় বেতকা-কুন্ডেরবাজার সড়ক-সংলগ্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে স্থাপন করা ড্রেজারের পাইপলাইন জব্দ করে বিনষ্ট ও অপসারণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া
জমির শ্রেণি পরিবর্তন না করেই ড্রেজার দিয়ে ভরাট করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরীর নেতৃত্বে
অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজারের সঙ্গে সংযুক্ত পাইপলাইন পাওয়া গেলেও বালু ভরাটের কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে থাকা পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়। এ সময় টঙ্গীবাড়ি থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরী বলেন, "অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাটের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড যেখানেই হবে, সেখানেই অভিযান চালাবে প্রশাসন।