মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
"সুস্থ দেহ, সুন্দর মন-গড়ে উঠুক ক্রীড়াবান্ধব মুন্সীগঞ্জ"
২৩ নভেম্বর উদ্বোধন আধুনিক জিম ও আন্তর্জাতিক মানের সুইমিং পুল
সংস্কার কার্যক্রমের পর উন্মুক্ত হতে যাচ্ছে
▫️ ক্রীড়াপ্রেমী জেলাবাসীর জন্য আনন্দের সংবাদ
জেলার শহরের মুন্সীগঞ্জ সার্কিট হাউজের পূর্ব পাশে অবস্থিত ইনডোর স্টেডিয়ামে আধুনিক জিমনেসিয়াম ও আন্তর্জাতিক মানের (৫০*১২.৫*৮ সাইজের) সুইমিং পুলের সংস্কার কাজ এগিয়ে চলছে। আগামী ২৩ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উদ্বোধন করবেন। এরপরই
জিমনেসিয়াম ও সুইমিং পুল সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে নলে জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থাপনাগুলোকে ব্যবহার উপযোগী ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে আধুনিক জিম ও আন্তর্জাতিক মানের সুইমিং পুল উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করা হয়।
এদিকে শারীরিক সুস্থতা নিশ্চিতকরণ, নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা, সাঁতার শেখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাসহ ক্রীড়া সংগঠকবৃন্দ।
তাদের ভাষ্য, শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষের জন্য এটি হবে শরীরচর্চা ও সাঁতার অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার এ উদ্যোগের মাধ্যমে মুন্সীগঞ্জে সুস্থ বিনোদন, শরীরচর্চা ও ক্রীড়াচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। জেলাবাসীর প্রতি তার আহবান, আসুন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও কর্মক্ষম মুন্সীগঞ্জ গড়ে তুলি।