নিজস্ব প্রতিবেদক:
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে মুন্সীগঞ্জে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। এবারের আয়োজনে জেলায় নিবন্ধন করেছে ২৩ হাজার ৬৯৮ জন প্রতিযোগী। তাদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। আগের আটটি ইভেন্টের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের আগের সিজনে ভালো পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পাওয়া খেলোয়াড়দের হাতে অফার লেটার তুলে দেন প্রধানমন্ত্রী। তাদের মধ্যে রয়েছে মুন্সীগঞ্জের সাঁতারু তনিমা আক্তার। জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর প্রজাপতি সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে সে। তনিমা মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা এবং ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী মুন্সীগঞ্জ সদর উপজেলার আন্তঃইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি শিশু-কিশোরদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া এবং নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের আহ্বান জানান।