সিরাজদীখান প্রতিনিধি:
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখানেও শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতা।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হয়দার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।