টঙ্গীবাড়ি প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে রিংকি (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রিংকি গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর এলাকার মৃত রফিকুল ইসলামের মেয়ে। তিনি স্বামী শিজু ওরফে নান্টুর সঙ্গে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইসলামপুর এলাকায় নজরুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকি ও তার স্বামী স্থানীয় এলাকায় অন্যের জমিতে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রোববার কাজ শেষে তারা দুজন একসঙ্গে বাসায় ফেরেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিংকি স্বামীর কাছে গাইবান্ধায় নিজেদের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে স্বামী এতে নিষেধ করলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী তাকে থাপ্পড় মারেন। পরে স্বামী পাশের একটি চায়ের দোকানে চলে যান।
চা পান শেষে সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাসায় ফিরে ঘরের দরজা চাপানো দেখতে পান শিজু। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে ঝুট কাপড়ের তৈরি রশি দিয়ে রিংকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন আমরা খবর পেয়ে লাস উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।