টঙ্গীবাড়ি প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কুন্ডেরবাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩ টায় কুন্ডের বাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। সমাবেশে ব্রিজ নির্মাণের গুরুত্ব, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেন অতিথিরা।#