সোমবার, ৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বিপিসির এফডিআরে ৪,৮১৩ কোটি টাকা আটকে থাকার শঙ্কা, তদন্ত কমিটি গঠন ● মুন্সীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও মেলা ● মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ ● মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে চার নবীন কর্মকর্তার যোগদান ● আ.লীগের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত ● কুন্ডেরবাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম ● টঙ্গীবাড়িতে ক্ষুদ্র ঋণ সমবায় সমিতিগুলোর কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওসি তদন্তের ● টঙ্গীবাড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● লৌহজংয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ● দিনাজপুরে অসহায় মানুষের পাশে মুন্সীগঞ্জের আল-মদিনা সেবা ফাউন্ডেশন.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আ.লীগের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত

আব্দুল্লাহ আল মাসুদ

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:৩৩ এ এম
আ.লীগের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া উচিত। কারও বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর বিচার আইনের মাধ্যমে হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের তালতলা-ডহুরী খালের ওপর কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যারা পালিয়ে গিয়েছেন, পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি—তারা দেশে আসুক, সেটা তো আইন চায়। তাদের যে সাজা আছে, সেই সাজার দিক থেকেও আমরা চাই, তারা দেশে এসে মোকাবিলা করুক।’
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের প্রসঙ্গ তুলে শেখ রবিউল আলম বলেন, ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের নানা অপকর্ম, দুর্নীতি, গণহত্যা ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখন বিচারের সম্মুখীন। ইতিমধ্যে অনেক মামলার রায় হয়েছে, আবার কিছু অভিযোগের বিচার এখনো আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, ‘তারা আইনের ঊর্ধ্বে নয়। তিনি যদি দেশে আসতে চান, তাঁকে দেশে আসতে না করেছে কে? তাঁর তো দেশে থাকাই উচিত ছিল এবং দেশে থেকে ট্রায়াল ফেস করতে পারতেন। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যে রায় রয়েছে, তা কার্যকর করবে সরকার ও বিচার বিভাগ।’
মুন্সীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে থাকা সব উন্নয়ন প্রকল্প পর্যায়ক্রমে ও যথাসময়ে বাস্তবায়ন করা হবে। মুন্সীগঞ্জের মানুষের প্রতি সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ কারণে জেলার উন্নয়ন, অবকাঠামো ও যেকোনো যৌক্তিক চাহিদা বাস্তবায়নে সরকার আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন নতুনভাবে সাজাতে চায়। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ের সড়ক ১৮ ফুট এবং জেলা পর্যায়ের সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। জাতীয় মহাসড়কগুলোতে সার্ভিস লেনসহ চার লেন করার পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী আরও বলেন, মুন্সীগঞ্জের যেসব প্রকল্প বাস্তবায়নের দাবি রাখে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ জন্য স্থানীয় জনগণকে বারবার দাবি জানাতে হবে না। এটি তারেক রহমানের সরকারের অঙ্গীকার। জেলার তিন সংসদ সদস্য উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সক্রিয় রয়েছেন। তাঁরা নিয়মিত মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন এবং এলাকার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোচ্চার রয়েছেন। যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করায় স্থানীয় জনগণকেও ধন্যবাদ জানান তিনি।
এরআগে বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ডহুরী খালের ওপর ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। মুন্সীগঞ্জ (হাতিমারা)-কুন্ডেরবাজার-শ্রীনগর (ছনবাড়ি) জেলা মহাসড়কের ষষ্ঠ কিলোমিটারে সেতুটি নির্মাণ করা হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্পের (ঢাকা জোন) আওতায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের প্রস্তাবিত মেয়াদ ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
স্টিল কম্পোজিট আই-গার্ডার প্রযুক্তিতে নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য হবে ১৫১ দশমিক ৯০ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩০ মিটার। দুই লেনের এ সেতুতে থাকবে তিনটি স্প্যান, দুটি পিয়ার, দুটি অ্যাবাটমেন্ট ও ১৫টি গার্ডার। সেতুটির নেভিগেশন ক্লিয়ারেন্স নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৬২ মিটার। পাশাপাশি সেতুর উভয় পাশে ৬০০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ জন্য ১ দশমিক ৪৭৮ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে কুন্ডেরবাজার এলাকায় ইছামতি নদীর ওপর থাকা পুরোনো বেইলি সেতুটি জরাজীর্ণ ও অপ্রশস্ত হওয়ায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। সীমিত ভারবহন ক্ষমতার কারণে সেতুটি দিয়ে চলাচলে নিরাপত্তাঝুঁকিও ছিল। এতে টংগীবাড়ী, সিরাজদিখানসহ আশপাশের এলাকার মানুষ ও কৃষিপণ্য পরিবহনে সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।
সেতুটি নির্মিত হলে মুন্সীগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি আলু, ধান, গম, সরিষা ও মৌসুমি শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে। এতে স্থানীয় কৃষি, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি জনদুর্ভোগ লাঘব হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
পরে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দেন মন্ত্রী শেখ রবিউল আলম। টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খান মনিরুল মনি পল্টন, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান রিকো, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন।#

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)