সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৭ নভেম্বর) উপজেলার মালখানগর ও শেখরনগর এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মালখানগর ব্রিজসংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত হোসেন রিয়াদ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরাফাত সিরাজদীখান উপজেলার কাকালদি গ্রামের ঢালী রিসোর্টের পশ্চিম পাশের মৃত তোতা মিয়ার ছেলে।
এর আগে একই দিন বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের মনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ প্রেমা সরকার (৪৫) ও রনি সরকার (৩৮) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রেমা সরকার সাভার মডেল থানার বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া সাইপাড়া এলাকার সতিষ চন্দ্র সরকারের ছেলে এবং বর্তমানে তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকায় সুধির রাজবংশীর বাড়িতে বসবাস করেন। অপর আসামি রনি সরকার শ্রীনগর উপজেলার সিবরামপুর এলাকার রতন সরকারের ছেলে।
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে যথাযথ পুলিশ প্রহরায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সিরাজদিখান থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।