নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে আহত ওই দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দম্পতি হলেন উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত তৈয়ব আলী প্রধানের ছেলে এবায়দুল্লাহ প্রধান (৭০) এবং তাঁর স্ত্রী আসমা আক্তার (৬০)।
স্থানীয় ও আহত দম্পতির সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বাড়ির পাশে নিজ জমি থেকে কয়েকজন শ্রমিক দিয়ে মাটি কেটে বসত বাড়িতে নিচ্ছিলেন এবায়দুল্লাহ প্রধান। এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে আটটার দিকে এবায়দুল্লাহ প্রধান মাটি কাটার সময় একই গ্রামের সিরাজুল ইসলাম প্রধান এসে তাতে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এসময় এবায়দুল্লাহ প্রধানের স্ত্রী গালিগালাজ করতে নিষেধ করলে সিরাজুল ইসলাম ও তার সাথে অজ্ঞাত আরো কয়েকজন ওই দম্পতিকে মারধর করেন। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সিরাজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।