শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবিতে নির্মাণ-আবাসন-পানি ব্যবস্থাপনা নিয়ে ছয় প্রদর্শনী ● সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ ঘটনায় মোল্লাকান্দিতে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান ● ইউপি নির্বাচনকে সামনে রেখে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ ● গজারিয়ায় এমপি কামরুজ্জামান রতন প্রান্তিক কৃষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে ● ইউপি নির্বাচন ঘিরে মোল্লাকান্দিতে আধিপত্যের সংঘাত, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০ ● হাসাইল বানারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ● গজারিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন. ● মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবদলের বিশাল প্রতিবাদী মিছিল ● গজারিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত ● গজারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইউপি নির্বাচন ঘিরে মোল্লাকান্দিতে আধিপত্যের সংঘাত, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০

মো. নাজির হোসেন

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:১৯ এ এম
ইউপি নির্বাচন ঘিরে মোল্লাকান্দিতে আধিপত্যের সংঘাত, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০

ইউপি নির্বাচন ঘিরে মোল্লাকান্দিতে আধিপত্যের সংঘাত, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০


# নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

# নির্বাচনের আগে প্রশাসনের পদক্ষেপ দাবি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশের গাড়ি লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোল্লাকান্দি ও পাশের আধারা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টা থেকে বৃহস্পতিবার সকাল ৭ টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা, নতুন আমঘাটা, আমঘাটা ও চৈতারচর গ্রাম এবং পাশের আধারা ইউনিয়নের শোলারচর এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তার ও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন মোল্লা এবং ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতভর কয়েক দফায় হামলা, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ হয় বলে অভিযোগ উঠেছে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হন দিদার ঢালী, বোরহান সিকদার, দিদার সরদার, রাকিব সরদার ও ইমরান হোসেন। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, মোল্লাকান্দিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তিনি আরও বলেন, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। কাউকে আটকও করা হয়নি। সদর থানা পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন মোল্লার মুঠোফোনে এবং রহিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচন সামনে রেখে রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা : মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ও আধারা ইউনিয়নের চরাঞ্চলে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা নতুন নয়। স্থানীয়দের দাবি, বিগত সরকারের সময়েও এসব এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তনের পরও স্থানীয় পর্যায়ে বিরোধের অবসান না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।
বিশেষ করে মোল্লাকান্দির আমঘাটা, চৈতারচর, নোয়াদ্দা, রাজারচর এবং আধারার শোলারচরসহ আশপাশের গ্রামগুলোতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নির্বাচনের মাঠে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতায় সাধারণ মানুষকে অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঝুঁকিতে পড়তে হচ্ছে।
আতঙ্কে সাধারণ মানুষ, চান স্থায়ী সমাধান : স্থানীয় একাধিক বাসিন্দা জানান, রাজনৈতিক বিরোধের কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাতের বেলা গুলির শব্দ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। তাঁদের প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচন যদি জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া হয়, তাহলে সেই নির্বাচনকে সামনে রেখে কেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে?
এলাকাবাসী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি দাবি করেছেন। তাঁদের প্রত্যাশা, নির্বাচনের তফসিল ঘোষণা কিংবা ভোটের প্রচার শুরুর আগেই সম্ভাব্য সংঘাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার, ককটেল তৈরির উপকরণ ও বিস্ফোরক ব্যবহারের বিরুদ্ধে অভিযান এবং সংঘর্ষে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে ভয়ভীতি, পেশিশক্তি কিংবা সহিংসতার মাধ্যমে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় অবস্থান নির্বিশেষে আইন প্রয়োগের পাশাপাশি উভয় পক্ষের বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়ারও দাবি উঠেছে। চরাঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা, মোল্লাকান্দি ও আধারায় আর কোনো সংঘর্ষ নয়; তাঁরা চান নিরাপদ বসবাস, স্বাভাবিক জীবনযাত্রা এবং ভয়ভীতিমুক্ত নির্বাচনী পরিবেশ।#

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)