মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
ইউপি নির্বাচনকে সামনে রেখে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারে
বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০
▫️ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আতঙ্ক
▫️বিএনপির দুই পক্ষের একাধিক সন্ত্রাসীর হাতে ছিল আগ্নেয়াস্ত্র
▫️ নিজেকে নিরাপদ ও আড়ালে রাখতে হেলমেট ব্যবহার করে একাধিক সন্ত্রাসী
▫️
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা এলাকার বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সরদার (২৫) ও দিদার সরদার (৫০)। তাঁরা সবাই ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লার পক্ষের সমর্থক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পক্ষের আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা।
অপর পক্ষের নেতৃত্বে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষে আওলাদ হোসেন এবং অপর পক্ষে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দি ইউনিয়নে বসবাসকারী সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। নিজেদের সমর্থকদের নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলেও দুটি পক্ষ নেতৃত্ব দিত। তখন বিএনপির সমর্থকেরা দুই পক্ষের হয়ে সংঘর্ষে জড়াতেন। আওয়ামী লীগের পতনের পর আধিপত্য বিস্তারের লড়াইয়ে সামনে আসেন বিএনপির নেতারা। এর পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আওলাদ হোসেনের পক্ষের লোকজনের হামলায় নোয়াদ্দা এলাকার চারজন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করেন রহিম মোল্লার পক্ষের লোকজন। এর জের ধরে বৃহস্পতিবার সকালে রহিম মোল্লার লোকজন চরডুমুরিয়া বাজারে এসে আওলাদের সমর্থকদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ। পরে কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর ও মোল্লাকান্দি গ্রামে হামলা, পাল্টাপাল্টি হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ছড়িয়ে পড়ে। সকালে চরডুমুরিয়া বাজারে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ করা হয়। রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফার সংঘর্ষে ৮ থেকে ১০ জন আহত হন।
গুলিবিদ্ধ দিদার ঢালী অভিযোগ করে বলেন, প্রবাসীদের অর্থায়নে অস্ত্র ও ককটেল কেনা হচ্ছে। এদিন ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলা চলে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ৪ জন এবং বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একজনসহ মোট ৫ জন চোখে ও শরীরের বিভিন্ন অংশে পিলেটবিদ্ধ (ছোট আকৃতির গুলি) অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রহিম মোল্লার পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, বুধবার রাতে তাঁদের পক্ষের বোরহান শিকদারের বাড়ির পাশে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে তাঁরা নোয়াদ্দা শিকদারবাড়ির সেতুর সামনে যান। সেখানে দাঁড়িয়ে বোরহানসহ পাঁচ থেকে ছয়জন কথা বলছিলেন। তখন পেছন থেকে আওলাদের সমর্থক রিফাত হালদার গুলি করলে চারজন গুলিবিদ্ধ হন। পরে ভোরে তাঁদের লোকজনের অবস্থান লক্ষ্য করে আবার গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে তাঁরা প্রতিরোধ গড়ে তুলে পাল্টা হামলা করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আওলাদ মোল্লার পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, সংসদ নির্বাচনের পর থেকে রহিম মোল্লার লোকজন ইউনিয়ন ছাড়া ছিলেন। ২১ দিন আগে তাঁরা গ্রামে ফিরেছেন। এর পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁদের লোকজনকে দেখলেই হুমকি-ধমকি ও মারধর করে আসছিলেন। বুধবার রাতেও তাঁদের একজনকে মারধর করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁদের ওপর হামলা করা হয়। পরে তাঁদের লোকজনও পাল্টা হামলা চালান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ককটেলের বিকট শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর
ককটেল বিস্ফোরণের বিকট শব্দে বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙে মোল্লাকান্দি ইউনিয়নের একাধিক গ্রামের শত শত বাসিন্দাদের।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়াকে ঘিরে মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ মোল্লার সঙ্গে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা রহিম মোল্লার বিরোধ চলে আসছিল। এর জের ধরে দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র ও ককটেল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বসতবাড়ির উঠান ও মাঠে গুলির খোসা এবং ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা যায়।
ধিপত্য নিয়ে আরও সংঘাতের আশঙ্কা
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ও আধারা ইউনিয়নের চরাঞ্চলে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা নতুন নয়। স্থানীয়দের দাবি, বিগত সরকারের সময়েও এসব এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তনের পরও স্থানীয় পর্যায়ে বিরোধের অবসান না হওয়ায় সাধারণ মানুষ উদ্বেগ উৎকন্ঠা
রয়েছে।
গ্রামবাসীর ভাষ্য, বিশেষ করে মোল্লাকান্দির আমঘাটা, নতুন আমঘাটা, চৈতারচর, নোয়াদ্দা, ঢালীকান্দি, রাজারচর এবং আধারার শোলারচরসহ আশপাশের গ্রামগুলোতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নির্বাচনের মাঠে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতায় সাধারণ মানুষকে অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঝুঁকিতে পড়তে হচ্ছে।
আতঙ্কে সাধারণ মানুষ, চাইলেন স্থায়ী সমাধান
রাজনৈতিক বিরোধের কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাতের বেলা গুলির শব্দ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় একাধিক বাসিন্দা। তাঁদের প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচন যদি জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া হয়, তাহলে সেই নির্বাচনকে সামনে রেখে কেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে?
এলাকাবাসী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি দাবি করেছেন। তাঁদের প্রত্যাশা, নির্বাচনের তফসিল ঘোষণা কিংবা ভোটের প্রচার শুরুর আগেই সম্ভাব্য সংঘাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার, ককটেল তৈরির উপকরণ ও বিস্ফোরক ব্যবহারের বিরুদ্ধে অভিযান এবং সংঘর্ষে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে ভয়ভীতি, পেশিশক্তি কিংবা সহিংসতার মাধ্যমে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় অবস্থান নির্বিশেষে আইন প্রয়োগের পাশাপাশি উভয় পক্ষের বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়ারও দাবি উঠেছে।