টঙ্গীবাড়ী
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, তথ্য সংগ্রহকারী নাফিউর দেওয়ান, গোলাম আজম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তথ্য সংগ্রহ কার্যক্রমের আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকার সম্ভাব্য উপকারভোগী পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ও যোগ্য পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান দেওয়ান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা সম্ভব হবে। এ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
স্থানীয়দের সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।