নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সমাপনী প্রশিক্ষণ শেষে ট্যাব বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাব তুলে দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, মাঠপর্যায়ে জরিপ পরিচালনা এবং সংগৃহীত তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসূচির আওতায় প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। আধুনিক প্রযুক্তিনির্ভর ট্যাব ব্যবহারের ফলে তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।
তারা আরও জানান, দক্ষ জনবল ও প্রযুক্তির সমন্বয়ে মাঠপর্যায়ের জরিপ কার্যক্রমে তথ্যের নির্ভুলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।