নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের আঁধারে গ্রামীণ পাকা রাস্তা খুঁড়ে আবাসিক তিতাস গ্যাসের অবৈধ সংযোগ স্থাপনের অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক অবকাঠামো। পাশাপাশি অপরিকল্পিত ভাবে গ্যাসের পাইপলাইন স্থাপনের কারণে লিকেজ ও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি গ্রাম সরেজমিনে ঘুরে দেখা যায়, গ্রামের ভেতরের পাকা সড়কের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করে গ্যাসের পাইপলাইন স্থাপন করা হয়েছে। পাইপ বসানোর পর খোঁড়া অংশগুলো নামমাত্র মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে একটি চক্র গোপনে এভাবে রাস্তা খুঁড়ে তিতাস গ্যাস সংযোগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এ অবৈধ কার্যক্রমের সঙ্গে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তি জড়িত রয়েছেন। তাঁদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতা জাহাঙ্গীরের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তিনি গ্যাস সংযোগ স্থাপনের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন এবং সংযোগ দেওয়ার কথা বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টাকা আদায় করছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর। মুঠোফোনে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে তিতাস গ্যাসের মেঘনা ঘাট নিউ টাউন কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী জানান, মুদারকান্দি গ্রামে অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের বিষয়টি তাঁর জানা নেই। অবৈধ উপায়ে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই কর্মকর্তা।