সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল ও মেলা আয়োজন করা যাবে না। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের কাছে জ্বালানি বিক্রি বন্ধ, ফসলি জমির উর্বর মাটি কাটা প্রতিরোধ, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের পাশাপাশি উপজেলা পরিষদের জমি দখলমুক্ত করে ভাড়া বা ইজারার মাধ্যমে রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সিরাজদীখান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন সালমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন এবং উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় মাদক নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধ, অবৈধভাবে ফসলি জমি বালু দিয়ে ভরাট বন্ধ, নিমতলা ও সিরাজদীখান বাজারের যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, বর্জ্য ব্যবস্থাপনা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় ইউএনও বলেন, আসন্ন শীত মৌসুমে কোনো ওয়াজ মাহফিল বা মেলা আয়োজন করতে হলে জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া এসব আয়োজন করা যাবে না। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেঁটা তৈরি, বিক্রি, বিপণন ও পরিবহন বন্ধ রাখার বিষয়েও আলোচনা হয়।
তিনি আরও বলেন, পেট্রোল পাম্পে বোতলে বা খোলাভাবে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি বন্ধে নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের কাছে জ্বালানি বিক্রি না করার বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে চিঠি দেওয়া হবে।
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্ব দেন ইউএনও। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই দিনে মাদকবিরোধী কর্মসূচি পালনের প্রস্তাব দেন তিনি। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কমিটি গঠনের বিষয়ে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাবনা চান।
ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটা প্রসঙ্গে ইউএনও বলেন, একবার জমির টপ সয়েল কেটে ফেললে তা আগের অবস্থায় ফিরতে প্রায় ২৫ বছর সময় লাগে। ইট তৈরির জন্য মাটির প্রয়োজন হলেও কৃষিজমির উর্বর মাটি নষ্ট করা যাবে না। এ ক্ষেত্রে অকৃষিজমি, নদী, নালা, পুকুর ও ডোবা থেকে মাটি সংগ্রহের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
উপজেলা পরিষদের জমি দখলের বিষয়টিও সভায় গুরুত্ব পায়। দখলে থাকা জমিগুলো চিহ্নিত করে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি আইনগত প্রক্রিয়ায় ভাড়া বা ইজারা দেওয়ার মাধ্যমে কীভাবে উপজেলা পরিষদের রাজস্ব আয় বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়। সরকারি সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে এসব জমি থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সিরাজদীখান ও ইছাপুর বাজারে ময়লা-আবর্জনা জমে খালের মুখ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন ইউএনও। উপজেলার অপরাধ ও অনিয়ম প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।