রবিবার, ২২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মাঠের লড়াইয়ে সাংবাদিকরা, শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ● লৌহজংয়ে বিএনপির কর্মীসভায় সালাম আজাদ এমপি কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান ● মুন্সীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উদযাপন ● মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোকিত সন্তান মীর মোতাহার হাসান বিক্রমপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সত্য তুলে ধরার আহ্বান ● গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা. ● শিক্ষার গুণগত মান ফেরাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী. ● গজারিয়ায় শিক্ষামন্ত্রীর আগমনে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস. ● এক ভরি স্বর্ণের বিরোধে ভাইকে খুন, ভাবিসহ গ্রেপ্তার ৪ ● রিয়েল এস্টেট শুধু ব্যবসা নয়, লাখো মানুষের জীবিকার অবলম্বন ● সন্ত্রাসের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া যাবে না: তারেক রহমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এক ভরি স্বর্ণের বিরোধে ভাইকে খুন, ভাবিসহ গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৮:৪৯ এ এম
এক ভরি স্বর্ণের বিরোধে ভাইকে খুন, ভাবিসহ গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার আত্মসাতের বিরোধের জেরে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই, ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে সংস্থাটি। গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও রিনা বেগম (২৪)।


প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।


পিবিআই সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানার বিনোদপুর এলাকার বাসিন্দা আলমগীর বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের ছয় দিন পর ১৭ নভেম্বর সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকার একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।


এ ঘটনায় আলমগীরের মা ছায়েরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। ১৮ নভেম্বর দায়ের করা মামলাটির তদন্তভার ১৯ নভেম্বর স্ব-উদ্যোগে গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা। এরপর তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করেন।


তদন্তে বেরিয়ে আসে, নিহত আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রেখেছিলেন। আলমগীরের অজান্তে ওই স্বর্ণালঙ্কার থেকে তিন আনা বন্ধক রেখে আট হাজার টাকা নেন তাঁরা। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়ভাবে সালিস হয়। সালিসে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। এ জন্য সাদ্দাম হোসেনকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।


পরিকল্পনা অনুযায়ী, সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেন। পরে অটোরিকশায় করে তাঁকে কালিরনগর এলাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁকে মারধর করে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান তাঁরা।


পিবিআই জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)