রবিবার, ২২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মাঠের লড়াইয়ে সাংবাদিকরা, শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ● লৌহজংয়ে বিএনপির কর্মীসভায় সালাম আজাদ এমপি কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান ● মুন্সীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উদযাপন ● মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোকিত সন্তান মীর মোতাহার হাসান বিক্রমপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সত্য তুলে ধরার আহ্বান ● গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা. ● শিক্ষার গুণগত মান ফেরাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী. ● গজারিয়ায় শিক্ষামন্ত্রীর আগমনে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস. ● এক ভরি স্বর্ণের বিরোধে ভাইকে খুন, ভাবিসহ গ্রেপ্তার ৪ ● রিয়েল এস্টেট শুধু ব্যবসা নয়, লাখো মানুষের জীবিকার অবলম্বন ● সন্ত্রাসের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া যাবে না: তারেক রহমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষার গুণগত মান ফেরাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী.

জুয়েল দেওয়ান, গজারিয়া.

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৮:৫৬ এ এম
শিক্ষার গুণগত মান ফেরাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী.


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।


গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে হবে। শিক্ষার পরিবেশ ও পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেও সরকার কাজ করছে। বিদ্যালয়গুলোতে ইসলামী শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী দিনে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে।


প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য প্রাথমিক বিদ্যালয় গুলোর উন্নয়নে ২২ হাজার কোটি টাকা বাজেট রাখা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ৫ হাজার টাকা এবং স্যানিটারি ন্যাপকিনের জন্য ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।


তিনি আরও বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পোশাকের জন্য ভ্যাট-ট্যাক্সসহ প্রতিবছর প্রায় ১ হাজার ৯০০ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। ভ্যাট-ট্যাক্স বাদ দিলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ৭০০ টাকা। শিক্ষার্থীদের হাতে ভালো মানের পোশাক পৌঁছে দেওয়ার বিষয়টি সরকার তদারকি করবে।
শিক্ষার্থীদের টিফিনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ খাতে প্রতিদিন শিক্ষার্থীপ্রতি সাড়ে ৩৮ টাকা বরাদ্দ রাখা হয়েছে। খাবারের মান নিশ্চিত করতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে কুপন পদ্ধতি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।


প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক প্রতিযোগিতা, সাঁতার ও খেলাধুলার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেসব বিদ্যালয়ের পাশে খালি জায়গা রয়েছে, সেসব জায়গা অধিগ্রহণ করে শিশুদের খেলাধুলার মাঠ তৈরির জন্য সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত সহযোগিতায় শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষকরা সমাজের সবচেয়ে বড় অভিভাবক।


এ সময় জাল সার্টিফিকেটধারীদেরও সতর্ক করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জাল সার্টিফিকেট দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারীদের দুর্দিন আসছে। কোনোভাবেই জালিয়াতি করে আর পার পাওয়া যাবে না। এসব জালিয়াতি লুকিয়ে রাখারও সুযোগ থাকবে না। সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।


এ ছাড়া উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদিক উল্লাহ ফরিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম (ভিপি) মাসুম, ইসহাক আলী, মাসুদ ফারুক, আহসানউল্লাহ, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব নাজির আহমেদ শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমীন সরকার। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)